বন্দরে পাওনা টাকা চাওয়ায় হামলা, বৃদ্ধা নিহত

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ভাঙারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে রাসেল (৪২) ও প্রতিবেশী শফিকুল ইসলাম (৬২) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ছেলে জজ মিয়া জানান, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামের সঙ্গে ভাঙারি ব্যবসার পাওনা ২২ লাখ টাকা নিয়ে একই এলাকার মৃত নাজির সরদারের ছেলে নাদিম হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাদ্দাম পাওনা টাকা পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা করে আসছিলেন।
জজ মিয়ার ভাষ্য, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাদিমের মা মাকসুদা বেগম সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান। এ সময় সাদ্দাম ও একই এলাকার হাবিউল্লাহ মিয়ার তিন ছেলে সামাউন হাবিব, অলিদ ও খোকনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা মাকসুদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাকে বাঁচাতে রাসেল ও প্রতিবেশী শফিকুল ইসলাম এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




