ভারতে বসে সরকার পতনের হুমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন দ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
ভারতে বসে শেখ হাসিনা ফেসবুকের মাধ্যমে বর্তমান সরকার পতনের হুমকি দিচ্ছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কিছুই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, ‘জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের চাওয়া অনুযায়ীই আমরা দায়িত্ব পালন করব।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বললেন, ‘আমরা ক্ষমতায় আসার পরই ইরান-ইসরায়েল যুদ্ধ লাগল। যারা তেল দিত, তারা তেল দেওয়া বন্ধ করে দিল। আমরা অতি উচ্চ মূল্যে তেল ও গ্যাস কিনে এনে দেশের অবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। এরপর বিতরণের মেশিনে আগুন লেগে গেল। আমরা এরপরও সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে গেছি।’
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জামায়াতকে চিনি, জামায়াত কী জিনিস। আন্দোলনের পরে দেখলাম, কেউ ছাত্রলীগে, যুবলীগে, আওয়ামী লীগে ছিল। তারা আন্দোলনের পর হয়ে গেল বিপ্লবী।’
লংমার্চের প্রসঙ্গ টেনে টুকু বলেন, ‘জামায়াতের আমির নাকি সিরাজগঞ্জে এসে এক আঙুল দেখিয়েছেন।’ এরপর তিনি বলেন, ‘কোনো কাজ করতে গেলে এক আঙুল নয়, পাঁচ আঙুল দরকার হয়। কিন্তু উনি এক আঙুলই দেখাবেন। কারণ, এই সিরাজগঞ্জে এক আঙুলের বেশি ভোট তো তার নাই।’
আওয়ামী লীগের বাড়াবাড়ির বিষয়ে তিনি বলেন, ‘আমি টুকু বাংলাদেশ সরকারের মন্ত্রী। কিন্তু আমি সরকারের ক্ষমতার অপব্যবহার করি না, করতে জানিও না, শিখিও নাই। এটাই আমাদের রাজনীতি। কিন্তু আপনারা যদি ভেংচি দেন, আঘাত করেন, তাহলে এক গালে চর দিলে দুই গালে কষে চর মারব।’
কয়েক দিন আগে সিরাজগঞ্জ শহরে দুই পক্ষের মারামারির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জকে শান্ত শহর দেখতে চাই। শান্তির জন্য আমি জীবনও দিতে পারি। আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করি, যে কাণ্ডটা ঘটাইছে আমার কর্মীরা, তাদের উপযুক্ত শাস্তি তারা পাবে। আমি সেটা তদন্ত করছি।’
মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘কোথায় মেয়র নির্বাচন আছে, সেটা নিয়ে মারামারি করবা আর আমি হাসপাতালে বেডে শুয়ে প্রধানমন্ত্রীর ফোন পাব, তা হবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা এটাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবা, তাদের কোনো ক্ষমা নাই। সেটা যদি আমার হাতও হয়, তাহলে আমার সেই হাতকেও আমি কেটে ফেলব।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, ‘আমরা যতক্ষণ তারেক রহমানের নেতৃত্বে আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়তে না পারব, ততক্ষণ আমাদের আন্দোলন শেষ হবে না।’
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমা রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



