সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের একজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সিফাত, বয়স তিন মাস। অপরজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার প্রিনি, বয়স ১০ মাস।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬৮ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন রয়েছেন।
প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১১৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজনের রুবেলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের দিন নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৯২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।




