এক দিনে ডেঙ্গু-হামে ঝরল ১০ প্রাণ

দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন এবং হামে মারা গেছে আরও সাতজন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জনে আর গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২১৪ জন (স্বাস্থ্য অধিদপ্তরের ভাষায়— এর মধ্যে হাম উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন)।
একই সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে এসেছে ১ হাজার ১৩৫ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু এবং হামবিষয়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য।
হামে আরও ৭ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল পাঠানো হামবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, দেশে ২৪ ঘণ্টায় হামে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সাতজনই শরীরে হাম উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১০ জনে।



