দিনাজপুর মেডিকেলে দুদকের অভিযান

দিনাজপুর মেডিকেলে অভিযান দুদকের অভিযান
চিকিৎসা সরঞ্জাম, খাদ্য সরবরাহ ও দালালচক্রের নানা অনিয়মের অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার পরিচালিত এই অভিযানে ছদ্মবেশে তথ্য সংগ্রহের পাশাপাশি নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা। এতে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন। এ সময় চিকিৎসাসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে রোগীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলটি।
অভিযান পরিচালনা শেষে সংগৃহীত তথ্য ও নানা পর্যবেক্ষণের বিষয়গুলো হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবিরের কাছে তুলে ধরেন তদন্তকারী কর্মকর্তারা। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো মেলেনি।
দিনাজপুর দুদক এনফোর্সমেন্টের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন জানান, অভিযানে সংগৃহীত প্রাথমিক তথ্যগুলো দ্রুত যাচাই-বাছাই করা হবে। অনুসন্ধানের সার্বিক ফলাফল পর্যালোচনা করে খুব শিগগিরই কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।



