মহেশপুরে ডেঙ্গু-হামের প্রকোপ, চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ডেঙ্গু ও হামের সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর সংখ্যা। এতে জনমনে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে। চলতি অক্টোবর মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২৯ জন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজ রবিবার নতুন করে আরও ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
জনবহুল মহেশপুর উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, এর আগে উপজেলায় ডেঙ্গুর এমন প্রকোপ দেখা যায়নি। তবে চলতি বছর আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হেলেনা আক্তার নিপা জানান, ডেঙ্গু রোগীদের জন্য এখনো পৃথক ওয়ার্ড চালু করা সম্ভব হয়নি। তবে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত হামে আক্রান্ত ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গু ও হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বরসহ ডেঙ্গু বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




