নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ

ছবি: আগামীর সময়
দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১০১টি আম ও বরইগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা মিয়া নামের এক ব্যক্তি। এ ঘটনায় ২২ অক্টোবর নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পাঁচজন হলেন ওই গ্রামের সোমা উরাও (৫০), অর্জুন উরাও (৩৭), শিরিন সরেন (৩০), ফুলমতি উরাও (৪৫) ও সুমন উরাও (২২)।
তারা মিয়ার অভিযোগ, তার পৈতৃক জমির পাশে বন বিভাগের ৫০ শতক জমি রয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে অভিযুক্ত ব্যক্তিদের বাবা মঙ্গল উরাও ওই জমি তার বাবার কাছে বিক্রি করেছিলেন। এরপর থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রদর্শনী কার্যক্রমের অংশ হিসেবে ওই জমিতে কাটিমন জাতের আমের চারা রোপণ করে। এ ছাড়া নিজের পৈতৃক জমিতেও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিচর্যা করছিলেন তারা মিয়া। তবে সম্প্রতি বন বিভাগের জমিটি নিজেদের দাবি করে অভিযুক্ত ব্যক্তিরা তা দখলের চেষ্টা করেন বলে অভিযোগ তার।
তারা মিয়ার দাবি, গত ২০ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিরা ওই জমিতে প্রবেশ করে ৪৭টি আমগাছের চারা ও ৫৪টি ফলন্ত বরইগাছ কেটে ফেলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি। এতে তার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা মিয়া।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাহমুদপুর ইউনিয়নে আম ও বরইগাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



