আওয়ামী লীগ দেশকে উৎপীড়নের সমাজে পরিণত করেছিল: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে উৎপীড়নের সমাজ তৈরি হয়েছিল। মানুষ অত্যাচারী ও লুণ্ঠনকারীদের হাতে জিম্মি ছিল। এখনো তাদের শাস্তি হয়নি। আশা করি, আগামী দিনে সরকার এসবের উপযুক্ত শাস্তি দিতে পারবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন পরিষদ হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেছেন, যারা মানুষকে ধরে নিয়ে অত্যাচার করেছে, তারা যেন কোনো দিন বাংলাদেশের মাটিতে আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এটি নাগরিক দায়িত্ব।
একই সঙ্গে তিনি এ ধরনের রাজনৈতিক শক্তিকে সমর্থন না করার আহ্বান জানান এবং বিদেশি রাষ্ট্রের দালালদের দেশে স্থান না দেওয়ার কথাও উল্লেখ করেন।
বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান যা কিছু ভালো করে গেছেন, তার সুবাদেই মানুষ বিএনপিকে বারবার ভোট দেয়।
তিনি দাবি করেন, রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় জিয়াউর রহমান সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পর তার নামে কোনো জমি বা ব্যাংকে অর্থ পাওয়া যায়নি।
স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন, নিরপেক্ষতার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। দলীয় কর্মকাণ্ডে অংশ নেন না। সংসদের বিরোধী দলগুলোও তার নিরপেক্ষতা নিয়ে সন্তুষ্ট বলেও তিনি মন্তব্য করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে স্পিকার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।




