লালমনিরহাটে ফের চিতাবাঘ আতঙ্ক, লাঠিসোঁটা নিয়ে বাঁশবাগানে তল্লাশি

চিতাবাঘ- সংগৃহীত ফাইল ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে আবারও চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঘ বের হওয়ার খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে একটি বাঁশবাগান ঘিরে তল্লাশি চালিয়েছেন স্থানীয়রা। তবে সেখানে বাঘের কোনো সন্ধান না পেয়ে ফিরে যান তারা।
আজ রবিবার বিকালে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বললেন, গত কয়েক দিন ধরে বাঁশঝাড় থেকে একটি বাঘ বের হতে দেখেছেন বলে কয়েকজন জানিয়েছেন।
জসিম উদ্দীন নামের আরেক বাসিন্দা বললেন, সীমান্তঘেঁষা একটি বাঁশবাগানে বাঘটি আশ্রয় নিয়েছে বলে তারা শুনেছেন। রবিবার সেটিকে আবার বের হতে দেখে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন। পরে বাঘটি পালিয়ে যায়। এরপর আর সেটির দেখা মেলেনি।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোব্বেরুল হক মনা জানালেন, ‘বাঘ বের হয়েছে, বাঘ বের হয়েছে’ বলে চিৎকার শুরু হলে লোকজন লাঠিসোঁটা নিয়ে আমঝোল সীমান্তের একটি বাঁশঝাড় ঘিরে তল্লাশি চালান। তবে বাঘের সন্ধান না পেয়ে সবাই বাড়ি ফিরে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৫ অক্টোবর বিকালে সীমান্তের কাছে বেঁধে রাখা ছাগল আনতে যান শরীফা বেগম। এ সময় তিনি একটি চিতাবাঘকে তার ছাগলের ওপর আক্রমণ করতে দেখেন। ছাগলটি রক্ষা করতে গেলে বাঘটি তার ওপরও হামলা চালায়। এ সময় নজরুল ইসলাম ও আফছার আলী এগিয়ে গেলে তাদেরও আক্রমণ করে বাঘটি। পরে বাঘটি পাশের একটি ধানক্ষেতে লুকিয়ে পড়ে। ওই ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনার পরদিন, ২৬ অক্টোবর, বাঘটির সন্ধানে বন বিভাগের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল এলাকায় আসে। ২৯ অক্টোবর পর্যন্ত চার দিন অনুসন্ধান চালিয়েও বাঘটির সন্ধান না পেয়ে দলটি ঢাকায় ফিরে যায়।
স্থানীয়দের ভাষ্য, প্রায় এক মাস ধরে বাঘের আতঙ্কে দিন কাটছে তাদের। বাঘটির সন্ধান না মেলায় আতঙ্ক কাটছে না। এমনকি শিয়াল দেখলেও অনেকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন।



