স্বামীর জামিন করিয়ে দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা যুবদল নেতার

যুবদল নেতা মো. হযরত আলী
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবদল নেতা মো. হযরত আলী। তিনি পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত হযরত আলী ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের বাসিন্দা। তিনি পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়ভাবে ‘হযরত নেতা’ নামে পরিচিত। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন।
ওই নারী জানান, একটি হত্যা চেষ্টা মামলায় ওই নারীর স্বামী দুলাল মিয়াকে গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। স্বামীর জামিনের জন্য স্বজন ও প্রতিবেশীদের পরামর্শে তিনি প্রতিবেশী যুবদল নেতা হযরত আলীর সহযোগিতা চান। হযরত আলী পুলিশের সঙ্গে কথা বলে জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। তবে এ জন্য তিনি ওই নারীর কাছে অনৈতিক প্রস্তাব দেন।
ওই নারী আরও অভিযোগ করেন, প্রস্তাবে রাজি না হয়ে তিনি বাড়ি ফিরে যান। পরদিন গত ২০ অক্টোবর সকাল ১০টার দিকে হযরত আলী তার বাড়িতে যান। আগের দিনের মতোই তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ওই নারী কৌশলে নিজের ঘরে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন।
একপর্যায়ে হযরত আলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে পাশের বাড়ি থেকে তার ছোট বোন চলে এলে হযরত আলী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ওই ভিডিওতে হযরত আলীকে ওই নারীর সঙ্গে জোরাজুরি করতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে দুলাল মিয়া এক মাস আট দিন কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পান। পরে স্ত্রী তার কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপর তারা দুজন থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা হযরত আলী বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সম্মানহানি করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।’
ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানিয়েছেন, সামাজিকযোগাযোগ মাধ্যমে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের একটি ভিডিও দেখেছেন। বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




