হলুদ ও গাঢ় লাল কমলায় লাখ টাকার আশা

করোনাকালে অবসর সময় কাজে লাগাতে কমলার বাগান করেছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার তরুণ উদ্যোক্তা ইমতিয়াজ আহমেদ শুভ। ছয় বছর পর তার বাগানের ১২৩টি গাছে ঝুলছে চায়না কমলা। হলুদ ও গাঢ় লাল রঙের কমলায় ভরে উঠেছে গাছের ডাল। বাগান থেকে চলতি মৌসুমে ১ লাখ টাকার বেশি কমলা বিক্রির আশা করছেন তিনি। তার বাগান দেখতে এখন ভিড় করছেন দূরদূরান্তের দর্শনার্থীরা। কেউ বাগান ঘুরে দেখছেন, কেউবা নিজের হাতে কমলা পেড়ে কিনে নিয়ে যাচ্ছেন।
উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ গ্রামে কৃষিকাজের সঙ্গে মানুষের পরিচয় দীর্ঘদিনের। সে গ্রামেই প্রচলিত কৃষির পাশাপাশি ফলের বাগান গড়ে সফলতার মুখ দেখেছেন শুভ। শুভর আশা, চলতি মৌসুমে বাগান থেকে ১ লাখ টাকার বেশি কমলা বিক্রি করতে পারবেন তিনি।
ছেলের এ উদ্যোগে খুশি পরিবারের সদস্যরাও। শুভর বাবা এ কে এম নুরুল ইসলাম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। ছেলের গড়ে তোলা ফলের বাগান এখন তার অবসর কাটানোর অন্যতম অনুষঙ্গ। তিনি বললেন, ‘অবসরকালে ছেলের কমলা ও ড্রাগন ফলের বাগান দেখাশোনা
করে ভালোই সময় কাটছে।’ চাকরির পাশাপাশি কৃষি উদ্যোগ চালিয়ে যাওয়ার বিষয়ে শুভর আগ্রহের পেছনে রয়েছে করোনাকালের অভিজ্ঞতা। তার ভাষায়, করোনার সময় কলেজ বন্ধ থাকায় অবসর সময় কাজে লাগাতে বাগান করার উদ্যোগ নিয়েছিলেন। কমলার বাগান করার কথা শুনে গ্রামের মানুষ প্রথমে ভালোভাবে নেননি। এখন বাগানে ফল দেখে ও খেয়ে তারা অবাক হন।



