খুলনা জেলা কারাগার থেকে পালিয়েছে হাজতি

ইমন মাঝি
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি পালিয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল ডিঙিয়ে তিনি পালিয়ে যান।
কারগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম। পলাতক ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে , নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার বিকালে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিল। এক ফাঁকে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে গিয়ে পড়ে। পরে ওই বাথরুমের পাইপ বেয়ে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাটি টের পাওয়ার পর পাগলা ঘণ্টা বাজানো হয়।
খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েম বলেছেন, কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়ার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।




