দিনাজপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে ৮ আহতের অভিযোগ

দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে দিনাজপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুইপক্ষের দাবি, সংঘর্ষে আহত হয়েছেন তাদের কয়েকজন।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা ১২টার দিকে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানান তারা।
সরেজমিনে দেখা গেছে, দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছেন- এমন অভিযোগ তোলেন পরিবহন শ্রমিকরা। প্রতিবাদে ফুলবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে পাল্টা অবরোধ করেন তারা।
এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে পাঁচ শিক্ষার্থী ও তিন পরিবহন শ্রমিক আহত হওয়ার অভিযোগ উঠেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী আগামীর সময়কে বিকাল ৪টার দিকে জানান, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। এখন রেল ও যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সংঘর্ষের বিষয়ে তার ভাষ্য, শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের তর্কাতর্কি হয়েছে। সংঘর্ষ বা আহতের বিষয়টি তিনি নিশ্চিত নন।




