৬৬ লাখ টাকার সরকারি ভবন চালুর আগেই ধস

জামালপুরের সরিষাবাড়ীতে ধসে পড়া সরকারি ভবন— আগামীর সময়
জামালপুরের সরিষাবাড়ীতে অফিস শুরুর আগেই আংশিক ধসে পড়েছে সরকারি ভবন। নির্মাণ খরচ হয়েছে ৬৬ লাখ টাকা। ভবনটি নির্মাণ হয়েছে দুই বছর। উদ্বোধনও হয়েছে তবুও ব্যবহার হতো না। এটি নির্মাণ করা হয়েছিল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার জন্য।
আজ মঙ্গলবার ভবনটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভবনের উত্তর পাশের একটি কক্ষসহ একাংশ ধসে পড়েছে। দেয়াল ও কাঠামোর বড় অংশ ভেঙে নিচে পড়ে রয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা গেছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় ভবনটির আরও বড় অংশ ধসে পড়তে পারে।
জানা গেছে, ২০২৪ সালে সরকারি অর্থায়নে সরিষাবাড়ীর খাদ্য গুদাম চত্বরে ভবনটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটির উদ্বোধন করা হলেও সেখানে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘদিন ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রুবিনা খাতুন বলেছেন, ‘তিনি সম্প্রতি যোগদান করেছেন। ভবন নির্মাণ-সংক্রান্ত বিষয়ে তার কোনো তথ্য জানা নেই। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা বিস্তারিত জানাতে পারবেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান মোবাইলে বললেন, ‘বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





