নারীর ভিডিও করতে গিয়ে ধরা, সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

বায়জিদ হোসেন মিঠু
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন মিঠুকে বহিষ্কার করা হয়েছে। তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রবিবার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জিদ হোসেন মিঠুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. খামারুল আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বরিশালের উজিরপুরে জানালার সানশেডে বসে নারীর ভিডিও করতে গিয়ে ধরা পড়েন স্বেচ্ছাসেবক দলের সাবেক এ নেতা। গতকাল শনিবার গভীর রাতে প্রতিবেশী এক নারীর ভিডিও করতে গেলে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হলো।



