খেলতে খেলতে পুকুরে তলিয়ে গেল দেড় বছরের আছিয়া

গ্রাফিকস: আগামীর সময়
ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই এক বুক ভাঙা হাহাকার নেমে এসেছে পটুয়াখালীর দশমিনার একটি পরিবারে। মা-বাবার চোখের আড়াল হয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দেড় বছরের এক কন্যাসন্তান।
ঈদের পরদিন আজ শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আছিয়া বেগম ওই গ্রামের আল-আমিন গাজীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে সবার অগোচরে ঘর থেকে বের হয়ে উঠানে খেলতে যায় ছোট্ট আছিয়া। খেলার ছলে একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। এদিকে ঘরে তাকে না দেখে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান করার পর বাড়ির দক্ষিণ পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা।
পুকুর থেকে তাৎক্ষণিকভাবে আছিয়াকে উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এই একটি ঘোষণায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পরিবারের সদস্যরা, উৎসবের আলো মুছে পরিবারটিতে নেমে আসে অন্ধকার।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






