১২ শিক্ষকের এক শিক্ষার্থী তাও ফেল

গ্রাফিকস: আগামীর সময়
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও পাস করতে পারেননি। কলেজ শাখায় ১২ জন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।
জানা গেছে, এ বছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন সঞ্জীব বর্মন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে কেউ পাস করেননি। টানা দুই বছর এমন ফলের পর কলেজটির শিক্ষার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানিয়েছেন, ২০১১ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় পার হলেও কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে অফিস সহায়কসহ ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে কলেজ শাখায় শিক্ষক ১২ জন।
অধ্যক্ষের ভাষ্য, প্রতিষ্ঠানের নিজস্ব পাকা অ্যাকাডেমিক ভবন দেখানো হলেও বাস্তবে তা নেই। পুরনো অবকাঠামোতেই পাঠদান চলছে। এমপিওভুক্ত না হওয়া, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হয় না। এ কারণে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এর ধারাবাহিকতায় এ বছর মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও অবকাঠামো ও শিক্ষার্থী সংকট কাটেনি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের।



