সাভারে দুর্বৃত্তদের আগুনে পুড়ল দুই বাস

সংগৃহীত ছবি
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ও আশুলিয়ার পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে পার্কিং ও গ্যারেজে রাখা বাস দুটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেট বেলতলা এলাকায় একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসে আগুন দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।
প্রথম ঘটনার প্রায় পৌনে চার ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, নাশকতার উদ্দেশ্যেই বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
দুটি ঘটনায় কেউ হতাহত না হলেও বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।




