চাঁদপুর
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে মামলা

ছবি: আগামীর সময়
চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে প্রধান আসামি করা হয় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।পরে দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ মিছিলের সত্যতা নিশ্চিত করে জড়িতদের আটকে অভিযান নামে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।



