নাটোরে শিশুর আঙুল কেটে নেওয়ার অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে

শিশুটির আঙুল কাটায় ব্যবহৃত বটিটি উদ্ধার করা হয়েছে। ছবি: আগামীর সময়
নাটোর শহরের খেলাধুলাকে কেন্দ্র করে সাত বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায়।
ওই কনস্টেবলের নাম মো. শাকিল। তিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলা করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় শিশুর মা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
মাহমুদুল হাসান অভিযোগ করেন, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেওয়া হয়।
শিশুটির কান্নার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




