মির্জাপুরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ঘর থেকে গৃহবধূ ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই নারী। মির্জাপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন এ তথ্য।
উপজেলার আনাতাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে আজ শুক্রবার দুপুরের দিকে উদ্ধার হয় মরদেহদুটি। মৃতরা হলেন, শিশু রাজিয়া (১১) ও তার মা কণিকা আক্তার (২৪)। কণিকার স্বামী রাজিব মিয়া থাকেন সিলেটে।
রাজিবের নানা খবির মিয়া বললেন, ‘আমার নাতি রাজিব নেশাগ্রস্ত। প্রায়ই কনিকার সঙ্গে তার ঝগড়া-বিবাদ লেগে থাকত। রাজিব তেমন কিছু করে না। কখনো রাজমিস্ত্রির কাজ করত, কখনো গাড়ি চালাত। টুকটাক কিছু করে আবার টাঙ্গাইলে ঘরে চলে আসত।’
মির্জাপুর থানা পুলিশ বলছে, দাম্পত্য কলহের জেরে শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছেন কণিকা। মরদেহদুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






