সিলেট চেম্বারের নির্বাচন ৫ নভেম্বর, তফসিল ঘোষণা

সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করছেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার— সংগৃহীত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরের ধোপাদিঘীরপাড় এলাকার ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিকালে চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চেম্বারের বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি বলেছেন, ‘যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের জন্য একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। সব মিলিয়ে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে।
তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে তা দাখিল করতে হবে। ১৭ সেপ্টেম্বর এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি করবে নির্বাচন আপিল বোর্ড। এরপর ২০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
২০ থেকে ২৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা। ৩ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি দাখিল করা যাবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ১০ অক্টোবর। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১২ অক্টোবর বিকাল ৪টায়।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। প্রত্যাহারের পর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা ওইদিন সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।
নির্বাচনের মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ধোপাদিঘীরপাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ শেষে সেখানেই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
ঘোষিত ফলাফলের বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচন আপিল বোর্ডের কাছে তা দাখিল করা যাবে। এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে ঘোষিত ফলাফলের বিরুদ্ধে কোনো আপত্তি দাখিল না হলে ওই দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের দুই সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।








