ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে যাচ্ছে ব্যালট

গ্রাফিকস: আগামীর সময়
ঠাকুরগাঁও-১ শূন্য আসনে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। পরে সেগুলো নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন বিভাগ কাজ করছে। এ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে। অন্যান্য বাহিনীর পাশাপাশি এসআরবি ফোর্সেসও ৩১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নির্বাচনী এলাকার নিরাপত্তায় পুলিশ ও ২১ প্লাটুন বিজিবির পাশাপাশি এসআরবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এ ছাড়া ৬টি মোবাইল টহল দল এবং দুটি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।



