নকলমুক্ত এসএসসি পরীক্ষার আশ্বাস খন্দকার মারুফের

বক্তব্য দিচ্ছেন ড. খন্দকার মারুফ হোসেন
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। এমনটাই বলছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি। সেখানেই বললেন এসব কথা।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে বিএনপি সরকার বদ্ধপরিকর, মনে করিয়ে দেন ড. মারুফ। তিনি দাবি করেন, ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকার পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছিল।
‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষাব্যবস্থার দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে মান নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এর মধ্যে শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা, ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি চালু এবং ‘আইটেম ব্যাংক’ভিত্তিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ উল্লেখযোগ্য।’
পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানো, বিভাগভিত্তিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উচ্চশিক্ষায় গবেষণায় বিশেষ অনুদান দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
‘ঢালাওভাবে পাসের হার বাড়িয়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। শিক্ষার মানোন্নয়নে তারা কোনো কাজ করেনি।’
‘যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নত’, যোগ করেন ড. মারুফ। বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। এমন দাবি করে কোচিং সেন্টার ধীরে ধীরে বন্ধ করা, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু এবং নারী-পুরুষের জন্য পর্যায়ভিত্তিক বিনামূল্যে শিক্ষার বিষয়েও পরিকল্পনার কথা জানাচ্ছিলেন বক্তব্যে।
এ সময় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে দেখা যায় তাকে। ‘দাউদকান্দি ও মেঘনাবাসী খন্দকার মোশাররফকে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তিনি অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. জসিমউদ্দিন, অভিভাবক সদস্য মো. বিল্লাল মিয়াজি, শিক্ষানুরাগী নূর মোহাম্মদ সেলিম সরকার, কাউসার আলম সরকার, কামাল হোসেন, শরীফ চৌধুরী, মো. রোমান খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।















