ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

আটক আসামি
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একাধিক মামলার আসামি সুবল চন্দ্র সরকারকে (৪১) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার তিন সহযোগী পালিয়ে যান।
আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর থানার কামাল বাজার ডাকঘরের মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে।
বিজিবি জানায়, ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল বাল্লা আইসিপি এলাকায় দায়িত্ব পালনকালে জানতে পারে, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাটের নদীরপাড় দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করেন। এ সময় সুবল চন্দ্র সরকারকে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে তার তিন সহযোগী পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নম্বর ৭৩৩/২৫-এর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পালিয়ে যাওয়া তিন সহযোগীর পরিচয়ও পেয়েছে বিজিবি। তারা হলেন চুনারুঘাট থানার টেকেরঘাট (কাটানীপাড়) গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৪৬), একই থানার টেকেরঘাট চৌমুহনী গ্রামের মো. বাশার মিয়ার ছেলে মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর থানার ছাতিয়াইন গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে পরিমল সরকার (৩৬)।
এ ঘটনায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক সুবল ও পলাতক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দায়ের করা এ মামলার নম্বর ২০। আটক সুবলকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার পাশাপাশি অবৈধ পারাপারে সহায়তাকারী দালালচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।’



