মহেশখালী
দেয়াল ভাঙতে বাধা, ইটের আঘাতে সৎ ভাইকে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বসতবাড়ির বাথরুমের দেয়াল ভাঙতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ইটের আঘাতে মুহিবুল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নেছারকে ধাওয়া করে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
মহেশখালী থানা পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে মুহিবুল্লাহর সঙ্গে তার সৎ ভাই মোহাম্মদ নেছারের বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে নেছার তার বড় ভাইয়ের বাথরুমের দেয়াল ভাঙতে যান। এ সময় মুহিবুল্লাহ বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নেছারের ইটের আঘাতে গুরুতর আহত হন মুহিবুল্লাহ। স্বজনেরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে নেছারকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে মুহিবুল্লাহ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।



