১৬ বছরে পাচার হয়েছে ৩০ লাখ কোটি টাকা : চিফ হুইপ

ছবি: আগামীর সময়
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি অভিযোগ করে বললেন, আওয়ামী লীগ সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে পূজার সময় বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। তবে গত দুই বছরে তার এলাকায় কোনো মন্দির বা প্রতিমায় হামলার ঘটনা ঘটেনি।
বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন বলেও তিনি দাবি করেন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমান কাজ করছেন। উগ্রবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না।
জুলাই প্রসঙ্গে তার মত, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র ধারণ করি। জুলাই অভ্যুত্থানের চেতনা আমাদের অন্তরে ধারণ করতে হবে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে, তারা আজ পালিয়ে গেছে।
রথযাত্রা উপলক্ষে এদিন ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। যশোমাধব দেব, তার ভাই কানাই-বলাই এবং আদ্যা দেবীর বিগ্রহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে নামিয়ে ঐতিহ্যবাহী রথে স্থাপন করা হয়।
পরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রথটি রথখোলা থেকে টেনে ধামরাই বাজারের গোপীনাথপুর মন্দিরে নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি।




