লাল তিল রং করে কালো করে বিক্রির চেষ্টা, দুই ব্যবসায়ীকে জরিমানা ৬ লাখ

রাজবাড়ী লাল তিল রং করে কালো করে বিক্রির চেষ্টায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা— সংগৃহীত ছবি
রাজবাড়ীতে লাল তিলে কালো রং মিশিয়ে কালো তিল হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ধারায় তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বহরপুর বাজারে অভিযান চালিয়ে ১৯ বস্তা তিল জব্দ করা হয় এবং দুই ব্যবসায়ীকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের শহিদুল ইসলাম ও আব্দুল হাই। তারা দুজনই তিল ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয়রা জানান, বাজারে লাল তিলের দাম প্রতি মণ সাড়ে ৩ হাজার টাকা এবং কালো তিলের দাম ৫ হাজার টাকা। বহরপুর বাজারে তিল বিক্রির সময় পণ্যটি সন্দেহজনক মনে হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ও আশিকুর রহমান অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশিকুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান এবং বালিয়াকান্দি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।
নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান জানান, লাল তিলে কালো রং মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে বহরপুর বাজারে আনার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।




