চাঁদপুরে আবাসিক ভবন থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত নারী লুৎফর নাহার
চাঁদপুর শহরের একটি আবাসিক ভবনের বাসা থেকে লুৎফর নাহার (৬৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে হাত ও গলা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লুৎফর নাহার চাঁদপুরের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। ১৮ দিন আগে তিনি জোড়পুকুর পাড়ের নাজিরা কমপ্লেক্সে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি একাই থাকতেন। তবে মাঝেমধ্যে তার মেয়েরা তার সঙ্গে থাকতেন। তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
নিহত লুৎফর নাহারের মেয়ে নাহিদা বলেন, ‘পরিকল্পিতভাবে আমার মাকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে বেঁধে এবং মাথায় গুরুতর আঘাত করে হত্যা করেছে। আমরা বাসার বিছানায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি।’
তিনি আরও জানান, খবর পেয়ে তার সব বোনসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এদিকে প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের মেয়ে ও স্বজনেরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। হাত ও গলা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় কোপানোর চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চাঁদপুর সদর থানা-পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।




