পুলিশ পাহারায় থাকা ইউনূসের বাসায় আগুন দিল দুর্বৃত্তরা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকার পরও বাসাটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। পুলিশের সন্দেহ, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ইউনূসের পৈতৃক বাসভবন 'নিরিবিলি'তে আগুন দেওয়া হয়। ওই বাসায় অবশ্য নোবেলজয়ীর পরিবারের কেউ থাকেন না।
সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী আগামীর সময়কে জানান, বাসাটিতে সার্বক্ষণিক তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া নিজস্ব নিরাপত্তাকর্মী ছিলেন একজন। বাসার নিচতলায় দুটি অংশ আছে। একটি পরিত্যক্ত, অব্যবহৃত। আরেক অংশে পুলিশ ও সিকিউরিটি গার্ড বসা ছিলেন।
সিএমপি কমিশনার বলেন, 'হঠাৎ তাঁরা দেখতে পান পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলছে। তারা গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। সেখানে একটি খালি বোতল পাওয়া গেছে। ভেতরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ছিল। বাইরে থেকে সেই বোতলে আগুন দিয়ে বাসার নিচে ছুড়ে মারা হয়।'
তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, নিষিদ্ধ দলের লোকজন এটা করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




