ফুলবাড়িয়া
গাড়িতে আগুন দিয়ে বাসায় চুরি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিকআপে আগুন দিয়ে মালিকের বাসায় চুরি করেছে চোর। ৩ ভরি স্বর্ণালংকার ও ১৪ লাখ ১৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
আজ শনিবার ভোর রাতে পৌরসভার মাছ বাজার সরকারি খাদ্য গুদাম সংলগ্ন ব্যবসায়ী নূরে আলমের ‘ফাতিমা এন্টারপ্রাইজ ’নামের গুদামের সামনে ঘটে এ ঘটনা।
জানা গেছে, ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল ‘আলম ট্রেডার্স’র মালিক নূরে আলম। মনোহারি পাইকারি মালামাল ব্যবসায়ী তিনি। নিজস্ব পরিবহনে মালামাল নিয়ে আসেন। প্রতিদিনের মতো গতকাল রাতে পিকআপটি গুদামের সামনে রেখে চালক বাড়িতে চলে যান। ভোর রাতে আগুনের খবর পেয়ে ছুটে আসেন। পরে বাসায় এসে দেখেন নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।
ব্যবসায়ী নূরে আলম জানিয়েছেন, মাস্ক ও রেইকোনকোর্ট পরিহিত দুই ব্যক্তি পিকআপ গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি পরিকল্পিত। চোরেরা নগদ ১৮ লাখ ১৮ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। আগুনের খবর পেয়ে দ্রুত চলে যাওয়ায় দোকানে তালা দিলেও বাসায় তালা দিতে ভুলে যাই।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশন ইন্সপেক্টর ইয়াসিন ইকবালের ভাষ্য, পিকআপে কেউ আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের মতে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






