৬ জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিন বাঘ পেল সাফারি পার্ক

ছবি: আগামীর সময়
গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি জেব্রা পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিন প্রাপ্তবয়স্ক বাঘ। আরও তিনটি জ্রেবা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ সাফারি পার্কে এসে পৌঁছে।
এর আগে বুধবার রাতে বিশেষ কায়দায় একটি ট্রাকে করে ৬টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশকয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু ও নতুন বাচ্চা জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুকালও ফুরিয়ে যাচ্ছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে; কিন্তু তাদের জেব্রা নেই। আবার গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে। পরে গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের মাধ্যমে বুধবার রাতে একটি ট্রাকযোগে বিশেষ কায়দায় চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬টি জেব্রা পাঠানো হয়েছে। আবার বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে এক ট্রাকেই ৩টি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে।
আজ শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছে। বাঘ তিনটি আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আনার কারণে পার্কে আসা দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দ পাবে। বাঘ সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছে। তিনটি বাঘ আনার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা ১০টি।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি পূর্ণ সুস্থ ও সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালন করা হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে। গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তরণ করা হবে। সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটি আপাতত আলাদা বেষ্টনী হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারির দর্শনার্থীদের প্রদর্শনে জন্য দেওয়া হবে।




