শ্রীমঙ্গল
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল শিশুর

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা, আট বছর বয়সী ভাই ও দাদি গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জায়ান। সে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন শিশুটির বাবা আব্দুল মুহিত দিপু, আট বছর বয়সী ভাই আয়ান ও দাদি শামছুন নাহার (৭০)।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রাইভেটকারটি মতিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর চেষ্টা করেন চালক। এ সময় তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে একই পরিবারের চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে তিন বছর বয়সী জায়ানের অবস্থা আশঙ্কাজনক ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জায়ানের দাদি শামছুন নাহারের দুই পা এবং ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া তার বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মোমিনুল ইসলাম আগামীর সময়কে জানালেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




