তাহসিফের মৃত্যু নিয়ে ময়নাতদন্ত ও তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আগামীর সময়
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে কথা বলা হবে।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বললেন, ‘আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে। আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলব।’
তাহসিফের মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা ও অনুমানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, সবকিছু জেনে তারপর তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকার কাজ করছে। পুলিশে আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেছেন, অপরাধ শনাক্ত করা, অপরাধীদের গ্রেপ্তার এবং তদন্তের ক্ষেত্রে পুলিশ কাজ করছে। দু-একটি ব্যতিক্রম থাকতে পারে। পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে শৃঙ্খলার মধ্যে রেখে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করেছে। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমা হামলা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। তবে পরিস্থিতি আরও উন্নয়নে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার কাছে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে বলে তারা তথ্য পেয়েছেন। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সেখানে বর্তমানে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। শান্তি বজায় রাখতে সরকার, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। তার ভাষ্য, দলটি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী ছিল না; বরং কর্তৃত্ববাদী ও মাফিয়াশক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তার দাবি, সরকারের হিসাবে এ সংখ্যা দুই হাজারের বেশি। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ীদের ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারবে কি না, তা নিয়ে সরকার বিচলিত নয় উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরে এক সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। সংসদ সদস্যের সন্তান হলেও অভিযোগের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হয়নি। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে দুই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বুধবার বিকালে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।





