গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন

গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম বাসার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। পরে পাশের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ২৬৮/৭ কিলোমিটার রেলপথে ট্রেনটির দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছন থেকে ১০১৪ ও ১০২৮ নম্বর বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি বিচ্ছিন্ন হওয়ার পর রেলপথে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় ওই রুটের অন্যান্য ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ মিয়া জানিয়েছেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করেন। মেরামত শেষে ট্রেনটি আবার দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।




