তিস্তা এক্সপ্রেসের দুই বগি বিচ্ছিন্ন, চালকের তৎপরতায় রক্ষা

তিস্তা এক্সপ্রেসের সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ছবি: আগামীর সময়
ময়মনসিংহে চলন্ত অবস্থায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক থেকে দুটি বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই ঘটনা ঘটে। পরে পৌনে ১১টার দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ দুই বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এ ঘটনার পর সাময়িক ভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে রেলওয়ে কর্মীরা অল্প সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।



