গলাচিপা
উত্ত্যক্তের অভিযোগের জেরে স্কুলছাত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর গলাচিপায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাইসা ইসলাম নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছারছিনা খানকা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী রাইসা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিবারের অভিযোগ, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর ইসলামের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই এলাকার সেলিম খানের ছেলে ইছা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে কিল-ঘুসি মারার পাশাপাশি মাথায় আঘাত করে।
রাইসা ও তার পরিবারের দাবি, এর আগেও ইছা একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছে। এ কারণে কয়েক মাস ধরে বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। বিষয়টি নিয়ে রাইসার মা-বাবা একাধিকবার অভিযুক্তের বাড়িতে গিয়ে তার অভিভাবকদের কাছে অভিযোগ জানান। তখন ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করা হলেও শনিবার রাইসার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
বর্তমানে রাইসা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক ডা. তুষার আহমেদ তার চিকিৎসা দিচ্ছেন।
রাইসার মা ও স্থানীয় ইউপি সদস্য গাজী সালমা বলেন, ‘এই ছেলের কারণে আমার মেয়ে কয়েক মাস ধরে ঠিকমতো বিদ্যালয় ও প্রাইভেটে যেতে পারেনি। আমরা একাধিকবার তার পরিবারের কাছে অভিযোগ জানিয়েছি। তারপরও আজ আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আর কোনো মেয়ে যেন এভাবে রাস্তাঘাটে বখাটেদের হাতে মারধরের শিকার না হয়।’
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



