প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

ছবি: আগামীর সময়
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সারা দেশে পাঁচ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।
আজ রবিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে অ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সময়েই পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। খাদ্য উৎপাদন বাড়াতে তিনি খাল খননের পাশাপাশি বৃক্ষরোপণেও গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পরে বারি প্রাঙ্গণে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।






