শরীয়তপুরে দুর্বৃত্তের ছোড়া বোমায় আহত বিএনপি নেতা

ছবি: আগামীর সময়
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমার স্প্লিন্টারে তার হাত ও পায়ে আঘাত লাগে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারের মূল সড়কে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলেন স্থানীয় জামায়াত নেতা মো. ছালামের বড় ভাই আবু তালেব। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার বাংলা বাজার এলাকায় বিএনপি নেতা মতিউরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। গতকাল ক্লাব থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হন।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন তারা।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানিয়েছেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




