সালিশ বৈঠকে হামলার অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপি নেতা ইলিয়াস প্রধান
মুন্সীগঞ্জে গ্রাম্য সালিশে হামলা ও অন্তঃসত্ত্বা নারীসহ সাতজনকে আহত করার মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়ার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম থেকে ইলিয়াস প্রধানকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
তিনি ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি নয়াকান্দি গ্রামে। মামলার এক নম্বর আসামি তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার এসআই ইকরামুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে মামলার এক নম্বর আসামি ইলিয়াস প্রধানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকালে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ইউপি সদস্য ইলিয়াস প্রধানের নেতৃত্বে অনুষ্ঠিত গ্রাম্য সালিশে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত সাতজন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বাবুল হোসেন ২৪ অক্টোবর গজারিয়া থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।



