সাঁতরে নদী পার হতে গিয়ে প্রাণ গেল কৃষকের

মিজানুর রহমান ওরফে মিটু খলিফা (৬২)। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে নদী থেকে মিজানুর রহমান ওরফে মিটু খলিফা (৬২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত মিটু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের মৃত রশিদ খলিফার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের সর্দ্দি এলাকায় কুমার নদীতে পাট ধুতে যান মিটু। ধোয়া শেষে সাঁতরে নদীর অপর পাড়ে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় নদীতে তলিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্থানীয়রা। আজ সকালে ভট্টাচার্য্যকান্দি এলাকায় শাহ আলী ফকিরের বাড়ির দক্ষিণ পাশে নদীতে মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেন।
সিন্দিয়াঘটা ফাড়ির ওসি আওরঙ্গজেবের ভাষ্য এ ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।







