মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আগামীর সময়
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত পাঁচজন। সংঘর্ষে মোল্লাকান্দি এলাকার কয়েকটি স্থান রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে আজ ভোরে চরডুমুরিয়া এলাকায় প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালান আওলাদ মোল্লার অনুসারীরা। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশপাশের আমঘাটা ও আলুর খেত এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানায়, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা দুজনই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। এ ঘটনায় দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষকারীরা পালিয়ে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




