সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তারা দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— পাটগাতী ইউনিয়ন বিএনপির সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেন তারা। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় স্বেচ্ছায় নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তারা আরও জানালেন, পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নেতারা দাবি করলেন, তাদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া। এ ক্ষেত্রে কারও কোনো চাপ, প্ররোচনা বা প্রভাব ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানাতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদটি প্রকাশের অনুরোধ জানান তারা।
একই ইউনিয়ন বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



