ধুনটে পেট্রলবোমা হামলায় আ.লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি: আগামীর সময়
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ রবিবার রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালসহ ৬০ জন। এ ছাড়া এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলতে থাকে। সেদিন রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রলবোমা নিক্ষেপ করে। বোমাটি বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিএনপির নেতাকর্মীরা এবং ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।




