পার্বতীপুরে নারীর রহস্যজনক মৃত্যু, আটক স্বামী

গ্রাফিকস: আগামীর সময়
দিনাজপুরের পার্বতীপুরে মোছা. বাবলী নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. রাজুকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পার্বতীপুর রেলওয়ে সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বাবলীর মরদেহ ও তার স্বামী রাজুকে ধরে রেলওয়ে থানা পুলিশে দেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটিতে কিছু অস্বাভাবিক তথ্য পাওয়ায় প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত প্রয়োজন।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী বলেন, ‘নিহতের মৃত্যুর বিষয়ে কিছু অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, বাবলী ও তার স্বামী রাজু মাদক সেবন করতেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তাদের দাবি, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় রাজুর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয় নিয়েও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
নিহতের শাশুড়ি আয়েশা জানান, বুধবার দুপুরে বাবলীকে ঘরের মধ্যে বালিশের ওপর মাথা রেখে শুয়ে থাকা অবস্থায় দেখতে পান তিনি। তার শরীর কাঁথা দিয়ে ঢাকা ছিল এবং তিনি সংজ্ঞাহীন ছিলেন। পরে তার মুখমণ্ডল কালচে দেখা যায় বলে জানান আয়েশা। এরপর রাজু ও তার মা আয়েশা বাবলীকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবলীর আট বছর বয়সী ছেলে বাপ্পী জানায়, তার বাবা রাজুর সঙ্গে রেল পার্ক এলাকার এক মুড়ি বিক্রেতার মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়কে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানায় সে। বাপ্পীর দাদি আয়েশাও একই কথা বলেন।



