লাল-গোলাপি পদ্মে হাসছে মোহনগঞ্জের বিল

ডালাহাতা বিলের পদ্মফুল, ছবি : মো. হাসান খান
‘পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি
রবির করের লিখন ধরিবে বলি।’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ফুলিঙ্গ' কাব্যের এই সুন্দর পঙ্ক্তিটিতে প্রকৃতি ও সূর্যের আলোর এক রূপময় ও দার্শনিক চিত্র ফুটে উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জের ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের ডালাহাতা পদ্ম বিলে। বর্ষার পানিতে ভরে ওঠা সারা বিলজুড়ে এখন ফুটে আছে হাজারো লাল ও গোলাপি পদ্ম। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ পাতার বিছানায় কেউ ছড়িয়ে দিয়েছে রঙিন ফুলের চাদর।
সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশি গ্রামে অবস্থিত এই বিলটি বর্ষা এলেই নতুন রূপে সাজে। পানির ওপর ভেসে থাকা পদ্মপাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ফুলে বদলে যায় পুরো বিলের দৃশ্যপট। সকালের কোমল আলোয় পদ্মের সৌন্দর্য আরও বেশি মুগ্ধ করে। আর সেই সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন স্থানীয় মানুষ ও দূর-দূরান্তের ভ্রমণপিপাসুরা।
আজ বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, বিলের বিভিন্ন অংশে থরে থরে ফুটে আছে পদ্মফুল। কোথাও লাল, কোথাও গোলাপি ফুল। সবুজ পাতার সঙ্গে ফুলের এই রঙের মেলবন্ধনে চারপাশে তৈরি হয়েছে নৈসর্গিক পরিবেশ। ছোট ছোট ডিঙি নৌকায় করে কেউ ঘুরছেন, কেউ আবার ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। তরুণ-তরুণীদের অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার শুরু থেকেই বিলে পদ্ম ফুটতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই বিলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে পদ্ম। প্রতিবছরই ফুল ফুটলে দর্শনার্থীর সংখ্যা বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
মিয়াশির গ্রামের বাসিন্দা মো. জয় মিয়া বলেন, আগে স্থানীয় লোকজনই মূলত এই বিলের সৌন্দর্য উপভোগ করতেন। এখন বিভিন্ন এলাকা থেকে মানুষ পদ্ম দেখতে আসছেন। এতে গ্রাম ও বিলটি নিয়ে মানুষের আগ্রহও বাড়ছে। তবে বিকালে দর্শনার্থী বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পরিবেশ নিয়ে উদ্বেগও রয়েছে স্থানীয়দের। তাদের অনুরোধ, সৌন্দর্য দেখতে এসে কেউ যেন পদ্মফুল ছিঁড়ে নষ্ট না করেন। বিলে প্লাস্টিকের বোতল, পলিথিন কিংবা অন্য কোনো আবর্জনা না ফেলারও আহ্বান।
স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, ডালাহাতা পদ্ম বিলের সৌন্দর্য প্রকৃতির নিজস্ব সৃষ্টি। তাই এটিকে টিকিয়ে রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পদ্মফুল না ছেঁড়া, বিলে ময়লা না ফেলা এবং জলজ পরিবেশের ক্ষতি না করলেই এই সৌন্দর্য প্রতিবছর মানুষকে টানবে।
বর্ষার এই সময়ে বিলের পানিতে ফুটে থাকা হাজারো পদ্মফুল যেন প্রকৃতির এক নীরব আয়োজন। শহরের কোলাহল থেকে দূরে, নৌকার ধীর গতির সঙ্গে পদ্মের সৌন্দর্য উপভোগ করার এই মৌসুমেই এখন ডালাহাতা বিলকে করে তুলেছে মোহনগঞ্জের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক গন্তব্য।







