জামালপুরে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী

গ্রাফিকস: আগামীর সময়
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাত দিন ধরে আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১) নামের দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তাদের পরিবার।
উপজেলার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার। আশা মনি স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।
নিখোঁজ আফসানার বাবা আল আমিন জানিয়েছেন, চলতি মাসের ১৭ জুন বিকাল ৫টার দিকে ওই দুইজন বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরিবারের সঙ্গে করেনি কোনো ধরনের যোগাযোগও। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাদের। একই তথ্য দিয়েছে আশা মনির পরিবারও।
দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাইছেন স্বজনরা।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বললেন, ‘ঘটনাটি আমাদের নজরে আসার পর থেকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। নিখোঁজ ছাত্রীদের অবস্থান শনাক্তে আমরা আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তা নিচ্ছি। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।’




