ফটোশপ দিয়ে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়াতেন ছাত্রলীগ নেতা

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
বাস্তবে ঘটেনি, অথচ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রমিক নির্যাতনের দৃশ্য। ফটোশপের মাধ্যমে তৈরি এসব ভুয়া ছবি ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আরএমপি।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুরের বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পাশাপাশি দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
রাজশাহী মেট্রপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেছেন, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তথ্য পাওয়া যায়। ফোনে বিভিন্ন ধরনের উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ছবি, পোস্টার ও কনটেন্টও পাওয়া গেছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



