সাঁতার শিখতে গিয়ে আর ফেরেনি আনাস

ছবি: আগামীর সময়
দুপুরে বাড়ির পাশের ডোবায় সাঁতার শিখতে নেমেছিল আনাস। কিন্তু আর ফেরা হয়নি তার। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় ডুবে মৃত্যু হয়েছে ১১ বছর বয়সী এই শিশুর। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পৌর শহরের থানা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ডোবায় বৃষ্টির পানি জমে ছিল। দুপুরের দিকে সেই ডোবায় সাঁতার শিখতে নেমে একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় আনাস। তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকার আরেক শিশু ডোবার পানিতে আনাসকে ভাসতে দেখে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে মা-বাবা ডোবা থেকে আনাসকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান ঐশী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় বললেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে শিশুরা যাতে জলাশয় বা ডোবার আশেপাশে না যায়, সে ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।






