বাবাকে ছুরিকাঘাতে হত্যায় ছেলে গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সেলিম মালিক। গ্রেপ্তার ছেলের নাম হাসানুর রহমান (২২)। তিনি তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে।
মামলার বরাত দিয়ে ওসি জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে হাসানুর তার মা হাসনা বেগমের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং অভিমান করে থাকতেন। পরে রাগ ভাঙাতে ২৫ সেপ্টেম্বর হাসানুর ও তার মাকে একসঙ্গে ভাত খাওয়ার জন্য হাত ধরে অনুরোধ করেন তার শাশুড়ি মর্জিনা বেগম। এ সময় হাসানুর রেগে গিয়ে শাশুড়ির সামনে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
বিষয়টি দেখে হাসানুরের বাবা মাহবুর রহমান হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে তাকে আঘাত করেন এবং থাপ্পড় দেন। একপর্যায়ে হাসানুর ফল কাটার ধারালো ছুরি দিয়ে বাবা মাহবুর রহমানের ডান কাঁধে আঘাত করেন। এতে গুরুতর আহত হন মাহবুর।
আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ছেলে হাসানুরের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন।
মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন হাসানুর। পরে রবিবার কৌশলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



